পদত্যাগ তো এক সেকেন্ডের বিষয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক টিপু মুনশি বলেছেন, ‘আমি পদত্যাগ করলে কি পেঁয়াজের দাম কমবে? পদত্যাগ মাত্র এক সেকেন্ডের বিষয়। আমার তো কিছু যায় আসে না। এই মন্ত্রিত্ব জব করার জন্য, কাজ করার জন্য।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে একটি হোটেলের হল রুমে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ।

পেঁয়াজ ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘পেঁয়াজের ক্রাইসিস আমাদের আছে। আল্লাহর ওয়াস্তে, ইথিকাল প্রফিটটা করেন, লজিক্যাল প্রফিটটা করেন।’ তিনি বলেন, ‘আমি সোমবার সিদ্ধান্ত নিয়েছি, দরকার পড়লে টিসিবি দিয়ে ১ লক্ষ টন  পেঁয়াজ আগামী ৪০ দিনের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের মার্কেটে দেব।’

মন্ত্রী বলেন, ‘গত ৫/৬ দিন ধরে ইজিপ্ট এবং টার্কিস থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। আমাদের কথা দিয়েছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ। আমরা ৫০ থেকে ৬০ হাজার টন মাল আপনাদের দেব এবং সবচেয়ে আনন্দের কথা, রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি ব্যবসায়ী হিসাবে। তারা বলেছে, আমরা এক টাকা প্রফিট করব না। যত কোটি টাকা লাগে আমরা ইনভেস্ট করব এবং এক টাকা প্রফিট করব না।’

ব্যবসায়ী ও ইমপোর্টারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমাদের সিটি গ্রুপ বা মেঘনা যারা কস্ট প্রাইজে দিচ্ছে তার বাইরেও কিছু কিছু পেঁয়াজ কিন্তু চিটাগাং বন্দর দিয়ে ঢুকছে। তাদের খরচ কোনো অবস্থাতেই কিন্তু ৪৪ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু তারা তো বিক্রি করছে বেশি দামে। তাহলে সেই মানবিক মূল্যবোধটা কোথায়? এই ধরনের মুনাফালোভী যারা দুর্ভিক্ষের সামনেও, ক্রাইসিসের সামনেও নিজের মূল্যবোধকে জাগ্রত করে না, তাদের কিন্তু ব্যবসায়ী হওয়ার কথা নয়।’

বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে, দায়িত্বশীল দল হিসেবে এ সময় আওয়ামী লীগ নিশ্চুপ থাকতে পারে না। দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই।’