ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মাওবাদীদের নামে ১৭ জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছিল। ঐ ঘটনায় কোনো মাওবাদী মারা যাননি। গ্রামবাসীরাও পুলিশকে লক্ষ্য করে গুলি চালাননি। সাত বছর ধরে মামলার শুনানির পর বিচারপতি বিজয় কুমার অগ্রবালের বিচারবিভাগীয় কমিশনের তদন্ত রিপোর্ট এই তথ্য জানিয়েছে। নভেম্বরে সেই বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট ছত্তিশগড় সরকারের কাছে জমা পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
বিজাপুর জেলার সারকেগুয়ায় ঐ গুলি চালনার ঘটনা ঘটে ২০১২ সালের ২৮ জুন। পুলিশের গুলি চালানো নিয়ে তুমুল সমালোচনার জেরে ছত্তিশগড়ের তত্কালীন বিজেপি সরকারই এক সদস্যের ঐ বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্ট জানিয়েছে, ঐদিন পুলিশ বিজাপুরের সারকেগুয়ায় বিনা প্ররোচনায় গ্রামবাসীদের ওপর গুলি চালিয়েছিল নির্বিচারে। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বলা যায়, গ্রামবাসীরা সেদিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বা পুলিশের সঙ্গে গ্রামবাসীদের কোনো বন্দুকযুদ্ধ হয়েছিল। পুলিশের রিপোর্টে সেদিনের গুলিতে ১৭ মাওবাদীর মৃত্যুর কথা বলা হলেও কমিশনের রিপোর্ট বলছে, তার সপক্ষে পুলিশ কোনো তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। অবসর নেওয়ার আগে গত ১৭ অক্টোবর বিচারপতি অগ্রবাল তার কমিশনের রিপোর্ট জমা দেন। শনিবার রাতে সেই রিপোর্ট রাজ্য মন্ত্রিসভায় ও সোমবার বিধানসভায় পেশ করা হয়।
