নতুন সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার থেকে সীমিত পরিসরে এই মামলা দেওয়ার কার্যক্রম শুরু হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় অর্ধশত মামলা হয়েছে। তবে ধীরে ধীরে এটা আরো বাড়ানো হবে। বিশেষ করে মামলা দেওয়ার পজ মেশিনগুলো প্রস্তুত হয়ে গেলে মামলার সংখ্যা আরো বাড়বে বলে সংশিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১ নভেম্বর থেকে নতুন আইনটি কার্যকর হলেও পুলিশ এতদিন আইন লঙ্ঘনকারীদের মামলা দেওয়া থেকে বিরত ছিল। নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।
ডিএমপির তথ্য মতে, নতুন আইনে গত শনিবার দুপুরে রাজধানীর বিজয় সরণি মোড়ে উলটোপথে আসা তিনটি মোটরসাইকেলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে মামলা দেয় ট্রাফিক পশ্চিম বিভাগ। এছাড়া গত রবি, সোম ও গতকাল মঙ্গলবার গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁও, মিরপুর, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নতুন আইনে মামলা হয়েছে। বর্তমানে ট্রাফিক আইন অমান্য করলে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) প্রবীর কুমার রায় বলেন, নতুন আইনে পরিস্থিতি বুঝে মামলা দিতে শুরু করেছেন তারা। তবে আইন মেনে চললে মামলা দেওয়া হবে না।
