বাজারে দেদারসে বিক্রি হচ্ছে নকল কসমেটিক্স

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৫৮

জনসন, প্যারাসুট, কুমারিকাসহ নামিদামি ব্র্যান্ডের নামে নকল পণ্য দেদারসে বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এসব ব্র্যান্ডের লোগো ব্যবহার করে এ অপকর্ম করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অভিযানে পুরান ঢাকা ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় দুই ট্রাক নকল কসমেটিক্স সামগ্রী ধরা পড়েছে। বিএসটিআই সূত্র জানিয়েছে, এসব পণ্যের মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় নকল কসমেটিক্স কোম্পানির এক মালিককে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, গত সোমবার গভীর রাতে রাজধানীর চকবাজার এবং কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সব নকল কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার ডেমরা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়। নকল কসমেটিক্সের মধ্যে রয়েছে—জনসন অ্যান্ড জনসন লোশন এবং ক্রিম, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, জনসন অলিভ অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল এবং মুভ ক্রিম। এছাড়া বিভিন্ন কালার এবং ফ্লেভারের সুগন্ধিসামগ্রীও রয়েছে।