হাতীবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে শামীম হোসেন (২৯) নামে আহত যুবক মারা গেছেন। শামীম ফকিরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
বুধবার সকালে শামীম আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে গত ২৯ নভেম্বর উপজেলার দোলাপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে ওই এলাকায় সফিয়ার রহমান ও আব্দুর রহমানের মধ্যে ৩৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুর রহমান পক্ষের শামীম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় দুই পক্ষের মামলা রয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
