ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হওয়া আলামিন (১০) নামে এক শিশুর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের ৪ তলা ভবনের পেছন ওই লাশ উদ্ধার করা হয়।
আলামিন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় একটি হাফেজি মাদ্রাসা পড়াশোনা করতো।
আলামিনের চাচা ফারুক হোসেন জানান, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আলামিন বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে গলাকাটা মৃতদেহ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। তার লাশ একটি বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ল্যারি ও ব্রিন যুগের সমাপ্তি অ্যালফাবেটে, নতুন সিইও পিচাই
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
ইত্তেফাক/এএএম
