ঢাকাই ছবির একসময়ের ব্যস্ত নায়িকা মৃদুলা আহমেদ রেসি। সে সময় দর্শকদের টানা বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। ২০১৭ সালের মার্চে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’ নামের একটি ছবিতে তিনি সবশেষ অভিনয় করেন। তবে বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন রেসি। তার নতুন ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’। সম্প্রতি তিনি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে রেসি বলেন, ‘এ ছবিতে চিত্রনায়িকা কেয়া আমার আগে চুক্তিবদ্ধ হয়েছে। এরপর আমি চুক্তিবদ্ধ হলাম। কেয়া ও আমি—দুজনই সিনেমায় প্রধান দুটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। আমি যে ধরনের ছবি করেছি, তেমন ছবি নির্মাণ খুব কম হচ্ছে। তবে লেডি অ্যাকশন এ সিনেমার গল্প পছন্দ হয়েছে আমার। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।
