চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে উপজেলার বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এলাকার বালুর রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এর আগে সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত রফিকুল ইসলাম নাটোর জেলার সিড়াইল থানার কুসুমদি আনন্দনগর গ্রামের শুকলাল পরামানিকের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত্ ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় রফিক সওদাগরের ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন। রফিকুল ইসলামের স্ত্রী উম্মে সালমা বলেন, রফিকুল মঙ্গলবার রাত ৯টার সময় পানির পাম্প কিনে আনার কথা বলে ২০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হয়। এরপর রাতে আর সে ফিরে আসেনি। সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে একটি গলাকাটা লাশ উদ্ধার করেছি, তার পরিচয়ও পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।
