মিঠাপুকুরে ইউপি উপনির্বাচন ৩০ ডিসেম্বর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:২২

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে মোট পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন—আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী ও মরহুম চেয়ারম্যান আশরাফ আলীর কনিষ্ঠ ছেলে মাহমুদুল হাসান, স্বতন্ত্রপ্রার্থী মোকছেদুল ইসলাম, হাফিজুর রহমান, বাবলুর রহমান ও ইলিয়াছ মিয়া।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলীর আকস্মিক মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আগামী ৩০ ডিসেম্বর ঐ ইউনিয়নে উপনির্বাচনের জন্য তপশিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ছয় প্রার্থী মনোনয়নপত্র কেনেন। মঙ্গলবার জমাদানের শেষ দিনে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ হান্নান বলেন, কাফ্রিখাল ইউপির উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।