হাইকোর্ট বলেছে, শুধু দেশেই না, একাত্তরে যখন মুক্তিযুদ্ধ চলে তখন দেশে-বিদেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। এ-সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের রুলের ওপর গতকাল চূড়ান্ত শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। তখন আদালত বলেন, ঐ সময়ে বিদেশে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক হয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। এমনকি আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্মমভাবে গুলি করে তখন মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে এ রিট করেন। ঐ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।
