এসএ গেমস ক্রিকেট

জয়ে শুরু সৌম্য-শান্তদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

বাহাতি স্পিনার তানভীর ইসলামের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালদ্বীপ। আর তার ওপর ভর করেই এসএ গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ১০৯ রানের বিশাল জয় পেয়েছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ দল।

আগে ব্যাট করে শান্ত, সৌম্য, নাঈমদের ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ। জবাবে তানভীর ৫ উইকেট তুলে নিলে ১৯.২ ওভারে ৬৫ রানে অলআউট হয়ে যায় মালদ্বীপ।  আগে ব্যাট করা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার। দুজনে ৭.৩ ওভারে ৫৯ রান তুলে ফেলেন। ২৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করে ফেরেন নাঈম। এরপর সৌম্য ফিরে আসেন ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে। তিনি ৩৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন।

আর পরের দিকে আক্রমণটা ধরে রাখেন নাজমুল হাসান শান্ত। তিনি ৩৮ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করেন। আফিফ ৯ বলে ১৬ ও ইয়াসির ১০ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে মালদ্বীপের দুই ওপেনার ১৫ রান যোগ করেন স্কোর বোর্ডে। দুই ওপেনার ১০ ও ১২ রান করেন। দুজনকেই বোল্ড করে ফেরান তানভীর। এরপর মালদ্বীপের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। তানভীর পরপর আরো দুই উইকেট তুলে নেন। এরপর আফিফ নেন একটি উইকেট। একটি বিরতি দিয়ে তানভীর তার পঞ্চম উইকেট তুলে নেন।

এই বাহাতি স্পিনার ৪ ওভারে ১৯ রান খরচ করে ৫ উইকেট নেন। আফিফ ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২ উইকেট। মিনহাজুল আফ্রিদি ১৭ রানে নেন ২ উইকেট। আর সৌম্য একটি উইকেট নেন।