দক্ষিণ এশিয়ার ক্রিকেটে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে কাগজেকলমেই বাংলাদেশ শক্তিশালী দল। মেয়েরা সেটা টানা দ্বিতীয় ম্যাচে প্রমাণ করল। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারালো তারা নেপাল নারী দলকে।
আগে ব্যাট করা নেপাল দল ৫০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
নেপাল দলের শুরুটাই এলোমেলো করে দেন জাহানারা আলম। তিনি তুলে নেন ২ ওপেনারের উইকেট; দুজনকেই বোল্প করে ফেরান তিনি। এরপর তিন জন ব্যাটার দুই অংকে যেতে পেরেছেন। কিন্তু বড়ো ইনিংস খেলতে পারেননি। মূলত রাবেয়া খানের কাছে পরাস্ত হন নেপালের পরের দিকের ব্যাটসম্যানরা।
রাবেয়া ৪ ওভারে ৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। আর উদ্বোধনী বোলার জাহানারা ৩ ওভারে মাত্র ২ রান খরচ করে ২ উইকেট নেন। এ ছাড়া সালমা, নাহিদা ও ফাহিমা একটি করে উইকেট নেন।
জবাব দিতে নামা বাংলাদেশকে কোনো চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি নেপাল। দুই ওপেনার অনায়াসে জয় এনে দেন। মুর্শিদা ২৪ বলে ২৩ এবং আয়েশা ২২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন।
