সিরিয়ার আফ্রিনে গাড়ি বোমায় নিহত ৯

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফ্রিনে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরটির একটি সবজি বাজারে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও বিদ্রোহী সূত্রগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের

ব্যস্ত ওই সবজি বাজারের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছেন তারা। এর মাত্র দুই দিন আগে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা তুর্কি সীমান্তবর্তী শহর আজাজ, রে ও আল বাবের ব্যস্ত বেসামরিক এলাকায়ও একই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। গত বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে সিরীয় কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করতে পারে তার সেনাবাহিনী। ওয়াইপিজিকে তিন দশক ধরে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত অংশ মনে করে আঙ্কারা। পশ্চিমা দেশগুলোও পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।