বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমত্কার সম্পর্ক বিদ্যমান —মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

যুক্তরাষ্ট্রের সহকারী প্রতিরক্ষামন্ত্রী র্যান্ডল জি শ্রাইভার বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে চমত্কার রাজনৈতিক সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সইয়ের জন্য আরো আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও দুই দেশ সম্মত হয়েছে। গতকাল বুধবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গতকাল ছিল তার দুই দিনের বাংলাদেশ সফরের শেষদিন। তিনি জানান, সফরকালে তিনি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

অস্ত্র ক্রয় বিষয়ক চুক্তি ‘আকসা’ এবং গোপন তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তি ‘জিসোমিয়া’ সইয়ের বিষয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত চমত্কার। এসব চুক্তি সইয়ে শুধু একমত হলেই হয় না, এর অনেকগুলো কৌশলগত ও কারিগরি দিক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হয়। সে বিষয় নিয়ে আলোচনা চলবে। সব প্রক্রিয়া শেষে চুক্তিটি সইয়ের বিষয় চূড়ান্ত হবে।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি ভিন্ন্ন একটি প্রেক্ষাপট। এ সংকটকে যুক্তরাষ্ট্র সব সময়ই গুরুত্ব দিয়ে দেখেছে এবং এর সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে আছে। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নিষ্ঠুরতার বিষয়টিতেও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।