ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। জিনিসপত্রের দাম কমাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতদিন বাড়িয়ে রাখার ইতিহাস নজিরবিহীন। ব্যর্থ সমাজতন্ত্র, পুঁজিবাদী গণতন্ত্র ও ইসলামবিরোধী ধর্মনিরপেক্ষদের হাতে বিক্রি হওয়া শাসকগোষ্ঠীর কাছে এর চেয়ে বেশিকিছু আশা করাও হবে বোকামি! মানুষের মৌলিক অধিকার ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সড়কে অব্যাহত প্রাণহানি থেকে মুক্তি পেতে হলে মানবরচিত ধোঁকাবাজি ও ধাপ্পাবাজির তন্ত্র-মন্ত্র থেকে সরে এসে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমির আবদুল হক আজাদ, মহাসচিব হাফেজ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম প্রমুখ।
