বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় কলাবাগান থানা এলাকার স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরকীয়া প্রেমের জের ধরে এক নারীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কলাবাগান থানায় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রথমে আটক করা হয়। কলাবাগান থানায় অভিযোগটি মামলা হিসেবে দায়েরের পর রাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কায়সার কামালের সঙ্গে আরেক আইনজীবীর স্ত্রীর পরকীয়া চলছিল। সম্প্রতি ওই নারী স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্সপ্রাপ্ত স্বামী পরকীয়ার বিষয়টি জেনে গেলে গতকাল সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের সামনে কায়সার কামালকে পেয়ে তার সঙ্গে প্রথমে তর্কে লিপ্ত হন এবং একপর্যায়ে কায়সার কামালকে বেধড়ক পেটাতে থাকেন। তখন আশপাশের লোকজন এসে তাদেরকে থামান। খবর পেয়ে পুলিশ গিয়ে কায়সার কামালকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ সেই আইনজীবীর সাবেক স্ত্রীকে থানায় ডেকে নেয়। পরে ওই নারী কায়সার কামালের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় কায়সার কামালকে গ্রেফতার দেখানো হয়।
