যৌন হয়রানির অভিযোগের মুখে পালিয়েছেন ব্রাজিলের এক আধ্যাত্মিক গুরু!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

বিবিসি

বিশ্বজুড়ে নাম ছড়িয়ে পড়া ব্রাজিলের এক ‘আধ্যাত্মিক গুরুর’ বিরুদ্ধে তিন শতাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ‘জন অফ গড’ নামে পরিচিত রোয়াও তেশেইরা দি ফারিয়াকে যৌন হয়রানির মামলায় গত শনিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওইদিনের পর থেকে তার কোনো হদিশ না পাওয়ায় সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি পালিয়ে গেছেন।

গ্লোবোনিউজে সম্প্রচারিত এক প্রতিবেদনে ফারিয়ার আইনজীবী আলবার্তো তোরোন বলেছেন, তার মক্কেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। তবে কখন কোথায় তা তিনি বলেননি।  যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে ২০১৩ সালে ফারিয়ার ‘আধ্যাত্মিক শক্তি ব্যবহারের মাধ্যমে চিকিত্সা’ নিয়ে একটি প্রতিবেদন করার পর আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ব্রাজিলের মধ্যাঞ্চলের ছোট শহর আবাদিয়ানায় ১৯৭৬ সালে আশ্রম গড়ে সেখানে কথিত ওই চিকিত্সা চালাচ্ছিলেন ফারিয়া। হাজার হাজার ব্রাজিলিয়ান ও বিদেশিরা তার দ্বারস্থ হয়েছিলেন। ফারিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে জাহিরা লিনেকে মাউস নামে একজন ডাচ আলোকচিত্রী গ্লোবো টিভিকে বলেছেন, তাকে ফুঁসলিয়ে যৌনতায় সম্পৃক্ত করার পর ধর্ষণ করেন তিনি। তবে ফারিয়ার অফিস থেকে এক বিবৃতিতে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এতে বলা হয়, ৭৬ বছর বয়সী ফারিয়া তার ‘আধ্যাত্মিক ক্ষমতা’ প্রয়োগ করে হাজার হাজার মানুষের চিকিত্সা করেছেন। চিকিত্সার সময় কোনো ধরনের খারাপ আচরণ তিনি করেননি।

এদিকে নাম প্রকাশ না করে ব্রাজিলের নয়জন নারীও গ্লোবো টিভির কাছে আশ্রমে চিকিত্সার সময় তাদের যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে চিকিত্সার জন্য গিয়ে নিপীড়নের শিকার হন তারা। চিকিত্সা শাস্ত্রে লেখাপড়া না করা ফারিয়াকে এভাবে চিকিত্সা করার জন্য আগেও জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল।