তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে...

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৫১

আজ চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা-২০১৯’ এবং তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাত্কার গ্রন্থ ‘চলচ্চিত্র কথা’-এর প্রকাশনা অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে তারেক মাসুদ পরিচালিত ‘আদম সুরাত’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯-এর বিষয় ‘রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেকুলার তন্ত্রের বাইরে তারেক মাসুদের শিল্প ও সাধনা’। তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯-এর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ আল মামুন। উল্লেখ্য, বরেণ্য এই চলচ্চিত্র নির্মাতা ১৯৫৭ সালের এদিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তারেক মাসুদ ১৯৮৫ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোনার বেড়ি’ নির্মাণ করেন। একই বছরের শেষদিকে নির্মাণ করেন তথ্যচিত্র ‘আদম সুরাত’। একাত্তরের মুক্তিযুদ্ধের ফুটেজ ব্যবহার করে দুটি তথ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ নির্মাণ করেন।  ‘নারীর কথা’, ‘ইন দ্য নেইম অব সেফটি’, ‘অ্যা কাইন্ড অব চাইল্ডহুড’, ‘ভয়েসেস অব চিলড্রেন’-এর মতো প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করেন তারেক মাসুদ।