ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে সাদা গাড়ি নিয়ে এক ভীতিকর গুজব। বলা হচ্ছে, সাদা রঙের গাড়িতে করে অপহরণকারীরা ওত পেতে রয়েছে। সুযোগ পেলে নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি করে দিচ্ছে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ফেসবুকে ছড়ানো এ ধরনের পোস্টকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। একটি সাদা ভ্যানকে কেন্দ্র করে ছড়ানো গুজব সামালে দায়িত্ব দিতে হয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে। ফেসবুকে দেশটিতে গুজব ছড়িয়ে পড়েছে, দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে অসংখ্য সাদা কাভার্ড ভ্যান। সেসব ভ্যানে ঘুরে বেড়াচ্ছে অপহরণকারীরা।
আর সুযোগ বুঝেই নারীদের অপহরণ করছেন তারা। এমনকি সেসব নারীদের পাচার করে দেওয়া হচ্ছে যৌনদাসী হিসেবে অন্য দেশে। সেসব করতে না পারলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিয়ে আলাদা করে বিক্রি করা হচ্ছে। গুজবের সেই ডালপালা এতটাই ছড়িয়েছে যে, দেশটির পুলিশ প্রসাশন হিমশিম খাচ্ছে এটি রোধ করতে। এমন ঘটনা যে সত্যি ঘটেছে এর কোনো প্রমাণ নেই। তাই নিউইয়র্ক পুলিশ ঘটনাটি পুরোপুরিভাবে গুজব বলে জানিয়েছেন। মঙ্গলবার বাল্টিমোর পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র ম্যাথু জাবলো সংবাদমাধ্যমকে বলেছেন, ডিপার্টমেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট সম্পর্কে সচেতন থাকলেও এটির প্রকৃত ঘটনার কোনো রিপোর্ট পায়নি।কয়েক সপ্তাহ ধরে বাল্টিমোর এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতে সন্দেহজনক সাদা গাড়ি সম্পর্কে পোস্টগুলো হাজার হাজার বার ফেসবুকে শেয়ার করা হয়েছে। লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীরা তা দেখেছেন। গুজবের ফলে সাদা গাড়ি চালানো এক ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন বলেও জানা গেছে।
গুজবের বিষয়টি উল্লেখ করে বাল্টিমোরের মেয়র জ্যাক ইয়াং একটি জরুরি সতর্ক বার্তা জারি করেছেন। তিনি বলেন, নারীদের অপহরণ করতে সাদা রঙের গাড়ি ব্যবহার করা হচ্ছে এমন গুজব ছড়িয়েছে। কখনো সাদা গাড়ির কাছে নিজের গাড়ি পার্ক করবেন না। জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে কল করবেন। সাদা রঙের গাড়ি সম্পর্কে সিআইএর পক্ষ থেকে বলা হয়েছে, এমন কোনো অপরাধের তথ্য তাদের কাছে নেই। এটি নিছক গুজব।
