সংসদ চত্বরে গাড়ি থেকে নেমেই পড়িমরি করে দৌড় দিলেন রেলমন্ত্রী। আশপাশের সবাই তখন বিস্মিত। আসলে সংসদে নির্ধারিত সময় ঢুকতে দেরি করে ফেলেছিলেন পীযূষ গোয়েল। সে কারণেই দৌড়ে যত তাড়াতাড়ি সম্ভব সংসদে ঢোকার চেষ্টা করলেন তিনি। তার এমন ছবিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। ঐ বৈঠকে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেখানে হাজির হয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও। আবার সকাল ১১টায় লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও ছিল। সেখানে রেল মন্ত্রণালয়সংক্রান্ত সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে হবে পীযূষ গোয়েলকে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বেশি সময় লেগে যায়। দেরি করে ফেলেন পীযূষ। সে কারণে সংসদ চত্বরে নেমেই দৌড় দেন পীযূষ গোয়েল।
