ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো ১৪ হাজার সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে, এরকম খবর প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছিল। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব এ মাসেই একটি সিদ্ধান্ত নিবেন। কিন্তু পেন্টাগন প্রতিবেদনটির সঠিকতা নিয়ে আপত্তি জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র অ্যালিসা ফারাহ টুইটারে লিখেন, ‘স্পষ্ট করি, প্রতিবেদনটি ভুল। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ১৪ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে না।’
নতুন করে সেনা পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেপ্টেম্বরে ঐ অঞ্চলে জাহাজে ধারাবাহিকভাবে এবং সৌদি স্থাপনায় একটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলাগুলোর জন্য ইরানকে দায়ী করা হয়েছিল। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন সেখানে সামরিক উপস্থিতি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিস্তৃত করেছে। ইরানের হুমকি নিয়ে মিত্রদের আশ্বস্ত করতে মধ্য নভেম্বরে বিমানবাহী মার্কিন জাহাজ আব্রাহাম লিংকনকে হরমুজ প্রণালীতে পাঠানো হয়। এর আগে যুদ্ধবিমানের দুইটি স্কোয়াড্রন এবং অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিসহ সব মিলিয়ে প্রায় ৩ হাজার নতুন সেনা সৌদিতে পাঠানো হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার অক্টোবরে ঘোষণা দেন।
এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অবৈধ নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করতে হবে। বুধবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। টেলিভিশনে সম্প্রচারিত ঐ অনুষ্ঠানে রুহানি বলেন, ‘তারা যদি নিষেধাজ্ঞা সরিয়ে রাখতে প্রস্তুত থাকে, আমরা তাহলে আলোচনার জন্য প্রস্তুত, এমনকি সেটি যদি ছয় জাতির প্রধানদের আলোচনা হয়’।
২০১৫ সালে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।
