মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের প্রবাসী সুফি মিয়ার বাড়ি থেকে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের অপরাধ দমন ইউনিট ও কমলগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এসব কাঠ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ। কাঠ চুরি বিষয়ে সম্প্রতি কালাছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ। উদ্ধারকৃত কাঠের এখনো পরিমাপ করা সম্ভব হয়নি তবে ৪০ টুকরো কাঠ হবে। এদের মধ্যে আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে কুলাউড়ায় গণশুনানি অনুষ্ঠিত
সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে যৌথ গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় চাতলাপুর চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় চা বাগান কারখানা প্রাঙ্গণে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
