খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন শেখ ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি দল। বুধবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন শেখ দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রামের বনসার বলীর ছেলে। অন্য দুই জন হলেন— পাবনা জেলা সদরের বাবুল শেখের ছেলে আবদুল্লাহ কাওছার ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ।
র্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ জানান, ফরমায়েশখানা গ্রামের বাড়ি থেকে রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ির পাশের কবরস্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ৯টি গুলি, একটি ম্যাগজিন, সাতটি রামদা, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। রিপন নগরীর বার্মাশীল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এরপর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. আবদুল্লাহ কাওছার এবং মো. ইকবাল শেখকে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১২টি রামদাও উদ্ধার করা হয়।
