চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বড়শালিখা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মদিনা খাতুনের সঙ্গে জমি কেনা নিয়ে রেজাউল-কাইয়ুম আলীর বিরোধ দেখা দেয়। রেজাউল তার জমি মদিনার কাছে বিক্রি করেন। পরে কাইয়ুমের কাছেও বিক্রি করেন। এই জমি দখল নিয়ে উভয়ের মধ্যে বিরোধ শুরু হয়। মদিনা খাতুন আদালতে মামলাও দায়ের করেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞাসহ কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও আক্রমণের শিকার হয়। এ ব্যাপারে একপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অপরপক্ষ অভিযাগ দিলে গ্রহণ করা হবে।
