রংপুরের পীরগাছায় নজরুল ইসলাম লিমন নামের পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার তাম্বুলপুর থেকে তাকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাইবান্ধার সদর থানার একটি প্রতারণার মামলায় লিমনকে পীরগাছার তাম্বুলপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও পুলিশের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়।’
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, লিমন দীর্ঘদিন থেকে নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ এনএসআইতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন যুবকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
