নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:১০

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল: নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে কালীবাড়ি রোডের সমাজসেবা কার্যালয়ের হলরুমে সমাজসেবা বিভাগের উপপরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

মৌলভীবাজার: জেলা প্রশাসকের কার্যালয় হতে শোভাযাত্রা বের হয়। সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আদিল মোত্তকিম, সুয়েব হোসেন চৌধুরী, বাদল রায় প্রমুখ।

মাদারীপুর: জেলা সদরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তাপস ফলিয়া। আলোচনা করেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, এ ডি এম লুত্ফুন নাহার নাজিম প্রমুখ।

বাগেরহাট:জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মানুর রশীদ।

এছাড়া, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, বরিশালের আগৈলঝাড়া, জামালপুরের মেলান্দহ, খুলনার পাইকগাছা, কুড়িগ্রামের নাগেশ্বরী, পাবনার চাটমোহর, রাজশাহীর তানোর, রংপুরের বদরগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর, ময়মনসিংহের মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জ, নওগাঁর নিয়ামতপুর, জয়পুরহাটের কালাই, বাগেরহাটের মোরেলগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ি, ঝিনাইদহের কালীগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোটেও অনুরূপ অনুষ্ঠান হয়েছে।