সিরামিক পণ্য প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরতে তিন দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯ গতকাল শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। গতকাল প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিকের কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ ময়েশ্চার বাদ দিয়ে ট্যাক্স আরোপ করা অথবা কাঁচামাল আমদানির ট্যাক্স মওকুফ করা উচিত। আরো বেশ কয়েক বছর এই সুবিধাটা দেওয়া দরকার। আমাদের শিল্প, শ্রমিক, গ্যাস থাকলেও কাঁচামাল আমদানি করতে হয়। বন্দরে এসে কাঁচামাল ২০-২৫ দিন আটকে থাকে। এতে উত্পাদন খরচ ও সময় বেড়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ১০ বছরে সিরামিক সেক্টরে ৮ হাজার ৬৬১ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এখাতের প্রবৃদ্ধি হয়েছে ২০০ শতাংশ। এই সেক্টরে যে হারে প্রণোদনা দেওয়া উচিত তার অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমরা সিরামিকের বিশ্ববাজারে চার শতাংশ অবদান রাখছি। আগামী পাঁচ-সাত বছরে ২০ থেকে ২৫ শতাংশ অবদান রাখতে পারব। রপ্তানি খাতে সরকার ১০ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। নগদ ১০ শতাংশ প্রণোদনা দিলে এখাত আরো এগোবে। ওয়েম বাংলাদেশ সার্বিক ব্যবস্থাপনায় এক্সপোতে একই ছাদের নিচে থাকছে ২০টি দেশের মোট ১২০টি প্রতিষ্ঠান ও ১৫০টি ব্র্যান্ড। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে, রয়েছে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা।
