বলে না দিলেও চলে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই (আইপিএল) হলো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কলকাতায় বসছে ত্রয়োদশ আইপিএলের নিলামের আসর। অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। আর সেই নিলামে উঠবে ছয় জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। নিলাম তালিকায় নাম থাকা বাংলাদেশ ছয় ক্রিকেটার হলেন:তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। সবচেয়ে বড়ো বিস্ময় হচ্ছে তালিকায় মুশফিকের নাম না থাকা। আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় এবারের নিলামে নাম নেই টুর্নামেন্টের নিয়মিত খেলোয়াড় সাকিবের।
সাম্প্রতিক সময়ে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি নিয়মিত আইপিএলের আসরে অংশ নেন। তিনি লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সে খেলার পর সর্বশেষ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তাকে এক বছরের জন্য ঘরোয়া, আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি—সব রকমের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। এর বাদে মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি আসর খেলেছেন। এর বাদে আরো চার বাংলাদেশে ক্রিকেটারকে বিভিন্ন সময় আইপিএলের কয়েকটি দল দলভুক্ত করেছে। তারা হলেন—মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।
এবারের আইপিএলে নিলামে তোলা হবে মোট ৯৭১ জন ক্রিকেটারকে। যাদের মধ্যে ৭১৩ জন ভারতীয়। ২৫৮ জন বিদেশি ক্রিকেটারও থাকবেন নিলামে। অংশ নেওয়া আটটি দল মোট ৭৩ জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে। তালিকায় থাকা ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলা) ও ৭৫৪ জন আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব না করা)। এছাড়া আইসিসির দেশ থেকে দুই ক্রিকেটারও থাকবেন নিলামের তালিকায়।
অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ৫৫ জন উঠছেন নিলামে। দক্ষিণ আফ্রিকার ৫৪ জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২ ও আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার নিলামে উঠছেন। নিলামে উঠবেন জিম্বাবুয়ের তিন এবং নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার। মানে আফগানিস্তানের চেয়ে আইপিএলের নিলামে উঠতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যাটা খুবই কম।
