কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:১২

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তামান্না আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মুনশুরপুর (টেকপাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তামান্না কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চৌড়া (ফকিরবাড়ি) গ্রামের আইয়ূব আলীর মেয়ে। তিনি কালীগঞ্জ মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে কলেজে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী আন্তঃনগর (সোনার বাংলা) ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কালীগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।