বিকাশ এজেন্টসহ জিনের বাদশা চক্রের সাত সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

জিনের বাদশা পরিচয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। এদের মধ্যে একজন বিকাশ এজেন্টের লোকও রয়েছে। গ্রেফতার সাত জন হলেন—মো. সুমন ফকির (২০), মো. মুনসুর আহম্মেদ (২৫), মো. হাছনাইন ফকির (২০), মো. হাবিবুল্লাহ (৩২), মো. লোকমান ভূঁইয়া কাজী (২৭), বিকাশ এজেন্টের লোক মো. রিয়াজ উদ্দিন (৩৪) ও মো. ফজর আলী জোমাদার বাড়ি (৩৬)।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মালিবাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোস্তফা কামাল বলেন, গত ৩ অক্টোবর ভুক্তভোগী একজন নারী হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, একটি প্রতারক চক্র তার মাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়।