সাব-রেজিস্ট্রি অফিসের সেই ‘কোটিপতি পিয়ন’ আটক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্টার অফিসের আলোচিত ‘কোটিপতি পিয়ন’ ইয়াছিন মিয়াকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে তাকে জেলা সদর থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ব্যাংকের ভুয়া চালান তৈরি করে তিনি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এদিকে পিয়ন ইয়াছিন নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সদর উপজেলা সাব-রেজিস্টার মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ‘বাংলা’ লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা নয়

উল্লেখ্য, পিয়ন পদে চাকরি করে ইয়াছিন অঢেল সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। জেলা শহরে রয়েছে তার তিনটি বাড়ি, সঙ্গে তিন স্ত্রীও। তার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাটি ছিল জেলা জুড়ে টক অব দ্য টাউন। কিছুদিন আগে অফিসিয়াল অডিটে তার বিরুদ্ধে ‘কোটি টাকার ঘাপলা’ প্রকাশ পায়। এরপর গা ঢাকা দেন ইয়াছিন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসি