বিশ্ব অর্থনীতির টুকিটাকি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:২৭

পোশাক ভাড়া দিয়েই

শত কোটি ডলার আয়

শুধু বাংলাদেশেই নয় পশ্চিমা দেশগুলোতেও বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে পোশাক ভাড়া দেওয়ার চল রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও এ প্রবণতা রয়েছে। এবার পোশাক ভাড়া দেওয়া প্রতিষ্ঠান শত কোটি ডলারের আয়ের কথা জানিয়েছে বিখ্যাত মার্কিন পোশাক ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান ‘রেন্ট দ্য রানওয়ে’। ২০০৯ সালে যাত্রা করা রানওয়ের প্রায় ১ লাখ গ্রাহক রয়েছে, যারা ১৬০ ডলার দিয়ে ১ মাসের জন্য গ্রাহক হন। বিনিময়ে এক মাসে যত খুশি পোশাক ভাড়া নিতে পারেন তারা। এখন বিভিন্ন কোম্পানি ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনলাইনে পোশাক ভাড়া দেওয়ার প্রবণতা শুরু হয়েছে।

 

ভারতও তুরস্ক থেকে

পেঁয়াজ আমদানি করছে

বাংলাদেশের চাহিদা মেটাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে এ বছর ভারতের নিজেরই পেঁয়াজের উত্পাদন কম হওয়ায় দেশটি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এমনকী দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্য প্রতিষ্ঠান এমএমটিসি তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে। এর আগে মিসর থেকেও ৬ হাজার টন পেঁয়াজ আমদানি করেছিল দেশটি। তবে আগামীতে পেঁয়াজের চাহিদা মেটানো ও দামের ঊর্ধ্বগতি ঠেকাতে আরো আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার অর্থনীতি নিয়ে শঙ্কা

চলতি বছরে ভারত এবং বিভিন্ন উন্নত দেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অর্থনীতি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কারণ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি শূন্য দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিক দক্ষিণ আফ্রিকার অর্থনীতি সংকুচিত হলো। বিদ্যুত্ বিভ্রাট, দুর্বল ব্যবসায় আস্থা ও নীতিগত অনিশ্চয়তা এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত নানা উদ্যোগ ধুঁকতে থাকায় দেশটির অর্থনীতি সংকুচিত হয়ে পড়ছে। এছাড়া বিশ্ব অর্থনীতির নেতিবাচক প্রভাবও রয়েছে আফ্রিকার অন্যতম বাণিজ্যভিত্তিক এ দেশটির অর্থনীতির ওপর।               —নাঈমা সুলতানা