রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের ১০ টাকার টিকিট প্রকাশ্যে পাঁচগুণ বেশি দামে ৫০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তির সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল আগেই টিকিট কেটে সেগুলো কাউন্টারের বাইরে প্রকাশ্যে বেশি দামে বিক্রি করছে। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিলেও নির্বিকার রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রামেক হাসপাতালের টিকিট ইনচার্জ নুর মোহাম্মদ প্রকাশ্যে টিকিট বাণিজ্যের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেছেন, ‘এক শ্রেণির দালাল মেডিসিন বিভাগের শিশু ও নারীদের টিকিট রোগীর স্বজনের বেশে কিনে কিছু বেশি দামে বিক্রি করছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পুলিশের নজরদারি থাকলে দালালরা রোগীর স্বজন বেশে টিকিট নিয়ে সেগুলো আর বাইরে বিক্রি করতে পারবে না।’
এদিকে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগ আছে কাউন্টারের কর্মচারীদের বিরুদ্ধেও। সম্প্রতি রামেক হাসপাতালের বহির্বিভাগের সরেজমিন পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে।
আরও পড়ুন: সম্মেলনের আগেই সাধারণ সম্পাদক দাবি, আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল
গত মঙ্গলবার পুরুষ কাউন্টারে ২৬৩টি আর নারীদের জন্য মেডিসিন বিভাগের ৩৩৯টি টিকিট বিক্রি হয়। তবে কাউন্টারের বাইরে থেকে আরও অন্তত শতাধিক রোগীর জন্য টিকিট সংগ্রহ করা হয় ৫০ টাকা করে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা কাউন্টারের বাইরে থেকে বেশি দামে টিকিট কিনেছেন।
সরেজমিনে, সেবা পেতে বহির্বিভাগে রোগী ও রোগীর স্বজনদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা নারী কাউন্টারের রোগীরা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। কিন্তু কাউন্টারের পেছনের জানালা দিয়ে ১০ টাকার পরিবর্তে বাড়তি টাকায় বিক্রি করা হচ্ছে টিকিট। কয়েকজন দালাল ওই টিকিটগুলো আগেই সংগ্রহ করে রোগী ও স্বজনদের কাছে ৫০ টাকা করে বিক্রি করছেন।
ইত্তেফাক/এসি
