চট্টগ্রামে এবার পুলিশের উদ্যোগে পেঁয়াজ বিক্রি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে এবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ক্রেতাদের জন্য পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। প্রত্যেকটি থানা প্রাঙ্গণে পুলিশের নারী কল্যাণ সমিতির উদ্যোগে আজ (শনিবার) থেকে এই পেঁয়াজ বিক্রি হবে। সকাল ১০টায় কোতয়ালি, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন পাঁচ টন পেঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতাকে সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ দেওয়া হবে। সিন্ডিকেটের কারণে ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে পুলিশ এই উদ্যোগ নিচ্ছে। সিএমপির একটি সূত্র জানিয়েছে, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে এসব পেঁয়াজ বিক্রি করা হবে। পুনাক এসব পেঁয়াজ সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করবে। কোতয়ালি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান ইত্তেফাককে জানান, জনসাধারণের ভোগান্তি কমাতে পুনাক এই উদ্যোগ নিচ্ছে। প্রাথমিকভাবে আগামী এক সপ্তাহ এই কার্যক্রম চলবে।