চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

সাত বছর পর উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ (শনিবার)। এ উপলক্ষে সাত উপজেলাসহ নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা কাজ করছে। নগরীর বিভিন্ন এলাকায় পদপ্রত্যাশী নেতাদের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। নগরের লালদীঘি মাঠে শনিবার সকাল ১০টায় শুরু হবে সম্মেলনের প্রথম অধিবেশন। এতে অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এছাড়াও প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

উত্তর জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, ২০১২ সালের ২৫ ডিসেম্বর আমাদের সর্বশেষ সম্মেলন হয়েছিল। এবার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে আমাদের সাত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আশা করি সবার জন্য উন্মুক্ত এ সম্মেলনে ১০-১২ হাজার নেতা-কর্মীর সমাগম হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেলা দুটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হবে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এ পর্বটি শুধু কাউন্সিলরদের জন্য। ৩৬৬ জন কাউন্সিলর রয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগে।