সৈয়দপুরে ৫৭ শতক খাস জমি উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

সৈয়দপুরে প্রভাবশালীদের দখলে থাকা ৫৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নে মুশরত ধুলিয়া গ্রামের ঐ জমি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। উপজেলা ভূমি কার্যালয়ের সূত্র জানায়, সৈয়দপুর থানা পুলিশসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় মুশরত ধুলিয়া গ্রামের ৫৭ শতক জমি উদ্ধার করে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, মুশরত ধুলিয়া গ্রামের ৫৭ শতক জমি প্রভাবশালীরা দখলে রেখেছিল। এছাড়াও খাস জমি উদ্ধারের ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া এলাকায় ১৮ শতক জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। খাস জমির উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।