ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহম্মেদ অভিযুক্ত বর রাহেন বেপারীকে (২৩) ৬ মাসের কারাদণ্ড দেন। বৃহস্পতিবার রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে গোপনে বাল্যবিবাহর আয়োজন চলাকালে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুকতাদিরুল আহম্মেদ জানান, ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সানু বেপারীর ছেলে মো. রাহেন বেপারীর সঙ্গে মুনসুরাবাদ গ্রামের জেএসসি পরীক্ষার্থীর (১৪) বিবাহের আয়োজন চলছিল। গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
