‘রাইডার্স’ থাকা অবস্থায় রংপুর কাগজেকলমে সেরা দলই করেছে। এবার আগের নাম ও মালিকানা না থাকলেও রংপুর রেঞ্জার্সে তারকার অভাব নেই। দেশি-বিদেশি মিলিয়ে দলটির খেলোয়াড় তালিকা মুগ্ধ করেছে এই দলেরই স্পিনার আরাফাত সানিকে। তিনি বলছিলেন, তার কাছে তাদের দলটাকেই এবার বিপিএলের সেরা মনে হচ্ছে।
নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় দলের এই স্পিনার বলছিলেন, ‘আমার কাছে আমার টিম সেরা মনে হয়েছে। আমাদের টিমে টি-টোয়েন্টি প্লেয়ার আছে। যেমন মোহাম্মদ নবি, নাঈম শেখ, নাদিফ চৌধুরী, অমি (জহুরুল ইসলাম); আমার কাছে মনে হচ্ছে খুব ভালো টিম। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখানে ভালোমন্দ বলে কিছু নেই। যে যেদিন ভালো করবে সে সেদিন জিততে পারবে।’
বিপিএলের পাশাপাশি আরফাত সানিকে জাতীয় দল নিয়েও ভাবতে হচ্ছে। তবে আপাতত তিনি বিপিএলেই মন দিতে চান জানিয়ে বলছিলেন, ‘যেহেতু অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি, তবে এখন আমার মূল ফোকাস বিপিএল। ম্যাচ বাই ম্যাচ আমি প্ল্যান করব। বেস্ট পারফরমটা করার জন্য। বিপিএলটা যদি ভালো করতে পারি। সামনে পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে আমাদের। আপাতত বিশ্বকাপ, হোম সিরিজ নিয়ে চিন্তা করছি না এখন পুরপুরি মনোযোগ বিপিএলে।’
সবমিলিয়ে কোচের সঙ্গে কথা বলে বিপিএলের জন্য ভালো একটা পরিকল্পনা দাঁড় করানোর অপেক্ষায় আছেন সানি, ‘আপাতত অনুশীলন শুরু হয়েছে আমাদের। প্ল্যান তো অবশ্যই থাকবে, কথা বলব কোচের সঙ্গে। ইন্ডিভিজুয়্যালি কথা হবে। নিজেরও একটা পরিকল্পনা থাকবে। এখন মাত্র শুরু করেছি। তিন দিন অনুশীলন করেছি। বিপিএল শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে। ম্যাচের আগে অবশ্যই পরিকল্পনা থাকবে। এখন আমার ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
