তবুও ‘সিটিই ইংল্যান্ড-সেরা’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

শেষ দুই মৌসুমে দারুণ ধারাবাহিকতা ধরে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমের শুরু থেকেই কেমন যেন বিবর্ণ। অধারাবাহিক পারফরমেন্সের ফলে বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে আছে তারা। তবুও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সোলসারের আকুণ্ঠ প্রশংসাই পেল পেপ গার্দিওলার দল। আজ শনিবার রাতে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নামার আগে সোলসার জানালেন নগর প্রতিদ্বন্দ্বীরাই ইংল্যান্ডের সেরা দল।

চলতি মৌসুমের শুরুটা ইউনাইটেডেরও যুতসই হয়নি। শুরুতে চেলসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিলেও এরপর টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ায় তারা। এরপর ওয়েস্ট হ্যাম, নিউক্যাসলের কাছে হার পয়েন্ট তালিকায় দশের বাইরেই পাঠিয়ে দেয় তাদের। তবে শেষ চার ম্যাচে অপরাজিত যাত্রায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোলসারের শিষ্যরা, শেষ ম্যাচে হারিয়েছিল টটেনহ্যামকেও। সে জয়টি সোলসারের দলকে উঠিয়ে দিয়েছে তালিকার ষষ্ঠ স্থানে।

সিটিকে হারিয়ে দিলে অন্তত একদিনের জন্যে লিগের সেরা পাঁচেও ঢুকে যাবে তারা। এমনই এক সমীকরণ নিয়ে আজ রাতে সিটির আতিথ্য গ্রহণ করবে রেড ডেভিলরা। তার আগে প্রতিপক্ষের দারুণ প্রশংসাই করলেন সোলসার। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তর্কসাপেক্ষে ইংল্যান্ডের সেরা এক দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। এটা কঠিন এক ম্যাচ হবে কিন্তু আমাদের ধারাবাহিক হতে হবে।’

টটেনহ্যামের বিপক্ষে আগের ম্যাচেই ২-১ ব্যবধানের জয় দলের মনোবল বাড়াচ্ছে এই ম্যাচে। সোলসার জানালেন, সে ম্যাচের পারফরমেন্স আরো ভালো করে দেখাতে পারলে সিটির বিপক্ষে জয় নিয়েও আসা সম্ভব। তিনি বলেন, ‘আগে সবাই খুব বিষণ্ন ছিল কিন্তু এটা সন্দেহকে বিশ্বাসে পরিণত করার এটাই বড়ো সুযোগ। টটেনহ্যামের বিপক্ষে যে আত্মবিশ্বাসটা ছিল আমাদের, যে পারফরমেন্সটা দিয়েছিলাম আমরা সেটা আবারও করে দেখাতে পারলে ফলাফল নিয়েই বেরিয়ে আসা সম্ভব।

চলতি মৌসুমে চেলসি, টটেনহ্যাম, লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানইউ। লিভারপুল চলতি মৌসুমে একমাত্র যে ম্যাচে পয়েন্ট খুইয়েছিল সেটিও ম্যানইউর বিপক্ষেই। তবে সেরা ছয়ের বাইরের দলগুলোর বিপক্ষে বাজে পারফরমেন্সের ফলেই দলটি এখন তালিকার ছয়ে আছে। সোলসার জানালেন এটাই প্রিমিয়ার লিগের কঠিন দিক। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ বেশ কঠিন। আমি মনে করি এটা লিগটার জন্যে প্রশংসাই। সিটি, লিভারপুল আর লেস্টার ধারাবাহিক ফল পাচ্ছে। কিন্তু অন্য ম্যাচগুলোয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাই হয়।’

তবে শিরোপাধারীদের ডেরায় মিডফিল্ডার পল পগবাকে পাচ্ছে না ইউনাইটেড। উরুর চোট সেই সেপ্টেম্বর মাস থেকেই তাকে মাঠের বাইরে রেখেছে। শঙ্কা আছে দলটির ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালকে পাওয়া নিয়েও।

ম্যানইউর নরওয়েজিয়ান কোচ অবশ্য জানালেন ডার্বির প্রস্তুতি সেরেই ফেলেছে তার দল, ‘ম্যানচেস্টার ডার্বিগুলো সবসময়ই বিশেষ কিছু কিন্তু তার চেয়ে বেশি কিছু নয়। দলের ভক্তদের জন্যে হলে হতে পারে। ম্যাচটার জন্যে আমরা প্রস্তুত। ঘরের মাঠে ভক্তরা দারুণ ছিল। আশা করি শনিবারও তাদের শুনতে পাব আমরা।’