আজ রাজবাড়ী ও মঠবাড়িয়া হানাদার মুক্ত দিবস

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

ইত্তেফাক ডেস্ক

বিজয় দিবসের দু’দিন পর হানাদার মুক্ত হয় রাজবাড়ী ও পিরোজপুরের মঠবাড়িয়া। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ

রাজবাড়ী: আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী জেলা হানাদার মুক্ত দিবস। ১৬ ডিসেম্বর সারা দেশ শত্রু মুক্ত হলেও রাজবাড়ীতে তখনো ছিল বিহারিদের শক্ত ঘাঁটি। দেশ স্বাধীন হওয়ার দুই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর অবাঙালি বিহারিদের কবল থেকে মুক্তি পায় রাজবাড়ী জেলা।

১৬ ডিসেম্বর সারা দেশে পাকবাহিনী আত্মসমর্পণ করলেও রাজবাড়ী শহর ছিল অবাঙালি বিহারিদের নিয়ন্ত্রণে। অবাঙালি বিহারিরা শহরের রেললাইনের উত্তর পাশে অবস্থান নেয়। এসময় তারা রেলওয়ে লোকোশেড থেকে ড্রাই আইস ফ্যাক্টরি পর্যন্ত রেলের মালগাড়ি দিয়ে বাধা তৈরি করে। মুক্তিবাহিনী শহরের দক্ষিণ দিক থেকে গুলি চালাতে থাকে। তবে মালগাড়ি থাকার কারণে সফলতা পেতে বেগ পেতে হয়। সে সময় গোলাম মোস্তফা ও আনিসুর রহমান আবি মাগুরার শ্রীপুর থেকে মর্টার এনে গুলি ছুড়লে বিহারিরা পিছু হটে। ওই সময় মুক্তিযোদ্ধাদের হাতে কিছু বিহারি নিহত হয় এবং বেশ কিছু বিহারি পালিয়ে যায়। এ যুদ্ধে দিয়ানত আলী শহীদ হন এবং ইলিয়াস হোসেন হন গুরুতর আহত। বিহারিদের পলায়ন ও আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয় রাজবাড়ী।

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া ৭১’এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের দুই দিন পর মঠবাড়িয়া হানাদার মুক্ত হয়। তত্কালীন পাকবাহিনীর সিআই জালাল উদ্দিন তার পুলিশ, রাজাকার ও আলবদরসহ ৬০ জন সদস্য নিয়ে ১৮ ডিসেম্বর বিকালে স্থানীয় কালীর হাটে মঠবাড়িয়া থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন  আলতাফ হোসেনের কাছে আত্মসমর্পণ করেন।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়েছে।