রামেক হাসপাতালে বহির্বিভাগের টিকিট পাঁচ গুণ দামে বিক্রি!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের ১০ টাকার টিকিট প্রকাশ্যে পাঁচগুণ বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তির সুযোগ নিয়ে এক শ্রেণির দালাল আগেই টিকিট কেটে সেগুলো কাউন্টারের বাইরে প্রকাশ্যেই ৫০ টাকায় বিক্রি করছে। এ নিয়ে রোগী ও স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিলেও নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রামেক হাসপাতালের টিকিট ইনচার্জ নূর মোহাম্মদও প্রকাশ্যে টিকিট বাণিজ্যের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এক শ্রেণির দালাল মেডিসিন বিভাগের শিশু ও নারীদের টিকিট রোগীর স্বজন বেশে কিনে বেশি দামে বিক্রি করছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের নজরদারি থাকলে দালালরা সেগুলো আর বাইরে বিক্রি করতে পারবে না।’

এদিকে বহির্বিভাগে চিকিত্সা নিতে যাওয়া রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগ আছে কাউন্টারের কর্মচারীদের বিরুদ্ধেও। সম্প্রতি রামেক হাসপাতালের বহির্বিভাগ সরেজমিন পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে। গত মঙ্গলবার পুরুষ কাউন্টারে ২৬৩টি টিকিট বিক্রি হয়। আর নারীদের জন্য মেডিসিন বিভাগের ৩৩৯টি টিকিট বিক্রি হয়। তবে কাউন্টারের বাইরে দালালদের মাধ্যমে আরো অন্তত ১০০ টিকেট বিক্রি হয় প্রতিটি ৫০ টাকা মূল্যে।

দেখা যায়, সেবা পেতে বহির্বিভাগে রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা নারী কাউন্টারের রোগীরা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। কিন্তু কাউন্টারের পেছনের জানালা দিয়ে ১০ টাকার পরিবর্তে বাড়তি টাকায় বিক্রি করা হচ্ছে টিকিট। সাংবাদিকদের কাছে রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একশ্রেণির লোভী ও প্রতারকদের কারণে সরকারি সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে। কালোবাজারে টিকিট বিক্রি কাউন্টারের লোকদের যোগসাজস ছাড়া হতে পারে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।