গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি কারখানার বালুর নিচ থেকে জাহিদ হাসান দুর্জয় (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামে মরদেহটি পাওয়া যায়। নিহত জাহিদ ঐ গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে স্থানীয় তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে জাহিদ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যায় বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। জাহিদের সন্ধান চেয়ে স্থানীয় মসজিদ ও বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। শুক্রবার সকালে তার দাদি কমলা খাতুন ও বাবা আকতার হোসেন জাহিদের খোঁজে বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি কারখানার (চায়না প্রজেক্টের) সীমানা প্রাচীরের ভেতর বালুর নিচে পুঁতে রাখা তার মরদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেন। মরদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালুর নিচে পোঁতা ছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ভুঁইয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে হত্যায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
