ব্রত রায়
বউটা আহা বড্ড সরল জানেই না সে ঘুষ কী
চিন্তা বরং স্বামীর মাথায় বাড়ল কেন খুশকি?
একুশ হাজার আয় করে সে, লক্ষ করে খরচা
বাড়তি টাকার উত্স নিয়ে হয় না কোনো চর্চা।
একটা ভালো ভার্সিটিতে পুত্র হবে ভর্তি
ভাবনা বাপের—পরীক্ষা হয় যতই নিকটবর্তী!
পুত্র বলে, ‘চিন্তা কীসের? প্রশ্ন এনে দিচ্ছি।’
বাপ কি কিছু বুঝবে না সে ফিডার খাওয়া পিচ্চি?
সরকারি এক চাকরি পাবে রফা একুশ লক্ষে
ম্যানেজ করা সহজ নাকি ছেলের বাপের পক্ষে?
ম্যানেজ হলো, চাকরি পেল, বইছে খুশির বন্যা
শীঘ্র পাবে যৌতুক আর বড়োলোকের কন্যা।
বৃক্ষ রোপণ কেউ করে, কেউ বালিশ তোলার কর্ম
সবাই তো যায় ধর্মালয়ে, পালন করে ধর্ম!
কেউবা আনে বিদেশ থেকে হাসপাতালের পর্দা
ভিন্নগ্রহের প্রাণী? এরা কারোর কাকা/বড়দা!
এদের দেশের নাম কী জানো? উগান্ডা? মরক্কো?
পয়সা কামাই করাই হলো সেথায় সবার লক্ষ্য!
সেই দেশে সব হালাল, দাদা, দেখে অবাক বিশ্ব
খুব স্বাভাবিক, এরা সবাই এক গুরুরই শিষ্য!
