তারাগঞ্জে ট্রাক্টরের লাঙলের ফলায় জড়িয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:১৪

রংপুরের তারাগঞ্জে ট্রাক্টরের লাঙলের ফলায় জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী পোয়াতু পাড়া গ্রামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লিটন ইসলাম (১৮)। সে দোহাজারী পোয়াতুপাড়া (কাপড়িয়া) গ্রামের আজিজার রহমান ওরফে লাল্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল প্রায় নয়টার সময়  ট্রাক্টর নিয়ে লিটন ইসলাম (২২) তাদের নিজের জমি চাষ করতে বের হয়। এ সময় একই গ্রামের ইজার মামুদের পুত্র লিটন মিয়া (১৮) জমিতে কাজ করছিলো। এ সময় তার ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিলে লাঙলের ফলায় জড়িয়ে ক্ষত-বিক্ষত হয়ে লিটনের মৃত্যু ঘটে।

এ ব্যপারে তারাগঞ্জ থানার এস আই মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। মৃত যুবকের পরিবারের আবেদনে লাশ হস্তান্তর করা হয়েছে। 

তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী জানান, এলাকাবাসী মৃত লাশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, যুবক লিটন ট্রাক্টরের ওপরে ছিল। হঠাৎ করে জমি চাষ করার সময় ট্রাক্টরের সামনে লাফিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।'

আরও পড়ুন: চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত

উল্লেখ্য, 'ট্রাক্টর চালক লিটন ইসলাম পুলিশের চাকরি করে। সে বাড়িতে ছুটিতে এসে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।'

ইত্তেফাক/নূহু