কালিয়া (নড়াইল) সংবাদদাতা
পারিবারিক কলহের জের ধরে কালিয়ায় শুক্রবার গভীর রাতে তামান্না (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সে উপজেলার খড়রিয়া গ্রামের আকতার মোল্যার মেয়ে ও পারবিষ্ণুপুর গ্রামের ভ্যানচালক শিপন শেখের স্ত্রী। শনিবার পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল মর্গে পাঠিয়েছে।
তামান্নার চাচা জসিম মিয়া অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকেরা তাকে অকারণে প্রায়ই মারধর করত। অত্যাচারের ভয়ে সে শ্বশুরবাড়ি যেতে চাইত না। অত্যাচার বন্ধের জন্য তিনবার সালিশ মীমাংসা করা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি তামান্নার। অবশেষে শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছে বলে তাদের অভিযোগ। কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম তামান্নার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে মন্তব্য করে বলেন, স্বামীসহ তার পরিবারের সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
