ইত্তেফাক ডেস্ক
নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শনিবার মুক্ত দিবস উদ্যাপন হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
সাতক্ষীরা: সাতক্ষীরায় এ উপলক্ষ্যে সাতবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান প্রমুখ।
মাগুরা: শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু প্রমুখ।
ইসলামপুর (জামালপুর): উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বটতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, শাহাদত হোসেন স্বাধীন, নূরুজ্জামান নূন্নু প্রমুখ।
দিরাই (সুনামগঞ্জ): দিরাই প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে উপজেলা খেলাঘরের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।
হালুয়াঘাট (ময়মনসিংহ): মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড হালুয়াঘাট শাখার উদ্যোগে অস্থায়ী মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কবিরুল ইসলাম বেগ প্রমুখ।
