ইত্তেফাক রিপোর্ট
কাওরান বাজারে সরকারি মালিকানাধীন পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অফিসকক্ষে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া । কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় পেট্রোবাংলা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধন বলেন, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। ১০টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া এয়ার কন্ডিশনারের (এসি) কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। এ ব্যাপারে পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
