প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ডিজি (নার্সিং)-এর ব্যাখ্যা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

 ‘নার্সিং অধিদপ্তরে দুদকের অভিযান: সাত জনকে জিজ্ঞাসাবাদ’ শিরোনামে গত ৫ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আলম আরা বেগম। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, নার্স নিয়ে বাণীসংবলিত জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিসহ একটি ক্রস ব্যানার মহাপরিচালকের জন্য নির্ধারিত কক্ষে রাখা ছিল। কক্ষটি দীর্ঘদিন অসজ্জিত ও অগোছালো থাকায় পরিষ্কারপরিচ্ছন্ন ও পরিপাটি করার জন্য নির্দেশ দেওয়া হয়। ওই সময় অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ছবিটি টেবিলের ওপর রাখা হয়। রুমটি সাজানো-গোছানোর পর ছবিটি আর দেখা যায়নি। পরবর্তীকালে গত ২৭ নভেম্বর উপপরিচালক (শিক্ষা)-এর রুম থেকে ছবিটি পুনরায় মহাপরিচালকের রুমে ক্রশ স্ট্যান্ড ব্যানারে রাখা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক ছবি মহাপরিচালকের কক্ষে সম্মানজনক স্থানে যথারীতি সাঁটানো হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: ঐ প্রতিবেদনটি তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে।