ঢাকা-৬ আসনে মহাজোটের একক প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, অনেকে নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছেন। তাদের হুমকিতে আমরা বিচলিত নই। জনগণ তাদের সঙ্গে নেই, জনগণ আছে উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে। দেশবাসী তাদের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের কথা ভুলে যায়নি। দেশবাসী সজাগ, কোনো ষড়যন্ত্র করেই নির্বাচন বানচাল করা যাবে না। গতকাল সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার সপ্তম দিনে ধুপখোলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পরে লোহারপুল, ডিস্টিলারি রোড, দীননাথ সেন রোডে গণসংযোগ করেন ফিরোজ রশীদ। বৃষ্টিতে ভিজে স্থানীয় আওয়ামী লীগ ও জাপার নেতাকর্মীরা তার সঙ্গে প্রচারণায় অংশ নেন। দুপুরের পর এসকে দাস রোড, রজনী চৌধুরী রোড এবং কেবি রোডে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে ১৭টি পথসভায় বক্তব্য রাখেন ফিরোজ রশীদ। পথসভায় তিনি এলাকাসীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের মার্কা লাঙ্গল। লাঙ্গলে ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন আর দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। দেশে থাকবে না জঙ্গিবাদ ও অরাজকতা। চক্রান্তকারীরা দেশকে অস্থির রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই আগামীতে শেখ হাসিনা ও এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ওদের প্রতিহত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ মিনু, হাসান আসকারী, ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আক্তার, জহিরুল ইসলাম অ্যাপোলো, জাপার কেন্দ্রীয় নেতা হাজী ফারুক, ইসহাক ভুঁইয়া, সারফুদ্দিন আহমেদ শিপু ও জাহিদ হোসেন বিপ্লব প্রমুখ।
