ফ্লোরিডা নৌঘাঁটিতে হামলাকারী সৌদি নাগরিক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

ফ্লোরিডার নৌঘাঁটিতে হামলাকারী সৌদি আরবের নাগরিক। তিনি দেশটির বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। যুক্তরাষ্ট্রে এসেছিলেন প্রশিক্ষণ নিতে। মার্কিন কর্মকর্তারা গতকাল এই তথ্য জানিয়েছেন। শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলায় নেভাল এয়ার স্টেশনে হামলায় চার জন নিহত ও আট জন আহত হন। হামলার কঠোর নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।—খবর রয়টার্সের

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্তিস জানান, হামলাকারী নৌবাহিনীর একটি দীর্ঘ কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন। এখানে সৌদি সামরিক বাহিনীর কর্মকর্তারাও এসেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার তদন্ত করছে। তবে হামলাকারীর নাম প্রকাশ করেনি এফবিআই। হামলার উদ্দেশ্যও জানা যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান তার কাছে লেখা চিঠিতে এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছেন। সৌদি বাদশাহ বলেছেন, এই ধরনের হামলাকারী সৌদি জনগণের অনুভূতিকে কোনোভাবেই ধারণ করে না। হামলার রহস্য উদ্ঘাটনে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তার দেশের গোয়েন্দা সংস্থাও সহায়তা করবে বলে জানিয়েছেন বাদশাহ।